দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ সমাবেশ

9

দুর্গাপুর প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে কৃষক ও ক্ষেতমজুরদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ জুন) সকালে বাংলাদেশ কৃষক সমিতি ও বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি দুর্গাপুর উপজেলা কমিটির যৌথ উদ্যোগে দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে হাওরাঞ্চল ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষক, ক্ষেতমজুর এবং বর্গাচাষীদের আপদকালীন সহায়তা প্রদান, কৃষিঋণ মওকুফ, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন করে ক্ষতিপূরণ নিশ্চিত করা, খুন-ধর্ষণ বন্ধ এবং জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জানানো হয়।

উপজেলা ক্ষেতমজুর সমিতির সহকারী সাধারণ সম্পাদক সায়েদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সিপিবি নেত্রকোণা জেলা কমিটির সাধারণ সম্পাদক ও দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, বাংলাদেশ কৃষক সমিতি নেত্রকোণা জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, ক্ষেতমজুর সমিতির নেত্রকোণা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রুপন কুমার সরকারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা গণমাধ্যমকে বলেন, সাম্প্রতিক অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে কৃষক ও ক্ষেতমজুররা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা, কৃষিঋণ মওকুফ এবং ক্ষতিপূরণ প্রদানে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। পাশাপাশি দেশে খুন, ধর্ষণসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমন এবং জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিও জানান তারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here