নেত্রকোনায় বিয়ের অনুষ্ঠানে সংঘর্ষে কলেজছাত্র নিহত

3

নেত্রকোনা সংবাদদাতা : নেত্রকোনার সদর উপজেলার একটি বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্সে গান বাজানো ও ছবি তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ফয়সাল আহমেদ (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাবনিকোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল আহমেদ ওই এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি নেত্রকোনা আবু আব্বাস ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বাবনিকোনা সংসদ বাজার এলাকায় স্থানীয় বাসিন্দা ইদ্রিস মিয়ার মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। রাত ১২টার দিকে অনুষ্ঠানে সাউন্ড বক্সে গান বাজানো ও ছবি তোলা নিয়ে ফয়সাল আহমেদ ও তাঁর কয়েকজন বন্ধুর সঙ্গে একই গ্রামের কামরুল ইসলামের ছেলে মাসুম মিয়ার (১৯) কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে বিরোধের জেরে মাসুম মিয়া তাঁর পরিবারের সদস্যদের নিয়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রসহ ফয়সালদের ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে।

এতে ফয়সাল আহমেদ, তাঁর চাচাতো ভাই রবিন মিয়া (১৯), চাচা সাদেকুল ইসলাম (৪২) এবং চাচাতো ভাই উজ্জ্বল মিয়ার ছেলে সৌরভ মিয়া (১৯) আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ফয়সাল আহমেদ ও সাদেকুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে ফয়সাল আহমেদের মৃত্যু হয়।

নিহতের চাচা সাদেকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মাসুম মিয়া, তাঁর বাবা কামরুল ইসলাম, চাচাতো ভাই রাজন মিয়া (১৮), রিয়াজ মিয়া (২০), মিলন মিয়াসহ কয়েকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এ হামলায় ফয়সাল নিহত হয়েছে। আমরা আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

তবে এ বিষয়ে অভিযুক্ত মাসুম মিয়া ও তাঁর পরিবারের সদস্যদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, ফয়সালের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত ব্যক্তিরা বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার গণমাধ্যমকে বলেন, “বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্সে গান বাজানো ও ছবি তোলা নিয়ে বিরোধের জেরে সংঘটিত হামলায় ফয়সাল আহমেদ নামের এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজন যুবককে আটক করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তদন্ত চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here