মদনে গরুসহ তিন চোর আটক

6

নেত্রকোনা সংবাদদাতা : নেত্রকোনার মদনে তিনটি গরুসহ তিনজন চোরকে আটক করেছে পুলিশ। রবিবার (৩ মে) দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নের দেওসহিলা গ্রাম থেকে মদন থানা পুলিশ তাদের আটক করে। এ সময় চুরি হওয়া তিনটি গরু জব্দ করা হয়।

আটকরা হলেন-মদন উপজেলার গোবিন্দশ্রী বারঘরিয়া পশ্চিম হাঁটির আব্দুল মন্নাফের ছেলে হাদিস মিয়া (৩০), একই উপজেলার ধোবাওয়ালা গ্রামের হাসেম উদ্দিনের ছেলে মিলন মিয়া (২৫) এবং কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা গ্রামের শহিদ মিয়ার ছেলে তৌহিদ মিয়া (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফতেপুর ইউনিয়নের দেওসহিলা গ্রামের হাফিজুর রহমানের বাড়ির ঘাটে নৌকা থেকে তিনটি গরু নামানো হচ্ছিল। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা বিষয়টি জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু তারা কোনো সন্তোষজনক জবাব দিতে না পারায় স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে এবং তাদের কাছ থেকে তিনটি গরু উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার শফি জানান, স্থানীয়দের সহযোগিতায় গরুসহ তিনজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গরুগুলো হাওর এলাকা থেকে চুরি করে আনার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, আটক তিনজনকে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে গরু চুরির মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here