
কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মঙ্গলবার (৩১ মার্চ) মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল ইসলাম।
কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মেহেদী মাকসুদ গত মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন এবং সকলের সহযোগিতা চেয়ে অনুরোধ করেন। তিনি বলেন, কেন্দুয়ায় আত্মহত্যা ও মাদকের প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাঈম হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ কামরুজ্জামান চৌধুরী, কেন্দুয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিম, কেন্দ্রুয়া উপজেলা মিডিয়া ক্লাব সভাপতি সমরেন্দ্র বিশ্ব শর্মা, কেন্দুয়া কলেজের প্রতিনিধি প্রভাষক ভানু ভদ্র এবং সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোখলেছুর রহমান বক্তৃতা করেন।
বক্তারা ঈদুল ফিতর সুন্দরভাবে উদযাপনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে মাদক, জুয়া, ইভটিজিং, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত কেন্দুয়া গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়াও সম্প্রতি তেল সংক্রান্ত অস্থিরতা ও অবৈধ মজুদ রোধে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের প্রশংসা করা হয়।

