
দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন মঙ্গলবার (৩১ মার্চ) অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে।
অভিযানটি পরিচালনা করা হয় উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গাবাউতা এলাকায়। এ সময় একটি বসতবাড়ি থেকে পোন্ডস পাউডার, জেলবার, শ্যাম্পু, তেল ও সাবানের মতো বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। সহযোগিতা করেন থানা পুলিশের সদস্যরা।
মো. মিজানুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাইফুল ইসলাম সেকুলের বসতবাড়ি থেকে এসব পণ্য জব্দ করা হয়েছে। মূল অভিযুক্ত দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতীয় পণ্য বাজারজাত করছিলেন। অভিযানকালে তিনি বাড়িতে উপস্থিত ছিলেন না, তাই তাকে আটক করা যায়নি। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, বাড়িতে উপস্থিত তার স্ত্রী ও ছোট সন্তানকে বিবেচনায় রেখে মুচলেকা নেওয়া হয়েছে।

