
নেত্রকোণা সংবাদদাতা : নেত্রকোণার আটপাড়া উপজেলা-এ অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বালু জব্দ ও পাঁচজনকে আটক করেছে প্রশাসন।
শনিবার উপজেলার লুনেশ্বর ইউনিয়নের খিলাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় ৪ হাজার ৫০০ ঘনফুট ভিটি বালুসহ একটি বাল্কহেড জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-আওয়াল (২২), আজিজুল (২৫), কাজল (৩২), ফয়েজ উদ্দিন (৫০) ও লাক মিয়া (২৮)। তাঁদের সবার বাড়ি জেলার বারহাট্টা উপজেলা-এর বাইশদার গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে পার্শ্ববর্তী এলাকার নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বাল্কহেডটি পূর্ণ করা হয়। সকালে খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে বালুসহ বাল্কহেডটি জব্দ করে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করে।
তবে আটক ব্যক্তিরা দাবি করেছেন, তারা ভৈরব উপজেলা এলাকা থেকে বাল্কহেডযোগে বালু নিয়ে এসেছেন। কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো বৈধ ক্রয় রসিদ দেখাতে না পারা এবং তাদের বক্তব্য সন্তোষজনক না হওয়ায় পুলিশ তাদের আটক করে।
বিষয়ে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, আটক ব্যক্তিদের থানা হাজতে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

