Sunday, April 19, 2026
spot_img
Home নেত্রকোণা মানুষের কল্যাণই হোক সব কাজের লক্ষ্য- ডেপুটি স্পিকার

মানুষের কল্যাণই হোক সব কাজের লক্ষ্য- ডেপুটি স্পিকার

14
media image
ছবি

কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে অনুষ্ঠিত মিলনমেলা ও আলোচনা সভায় মানবিক মূল্যবোধকে প্রাধান্য দিয়ে অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে তরুণদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি।

সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সংগঠন কলমাকান্দা যুব রক্তদান ফাউন্ডেশন-এর আয়োজনে ‘স্বেচ্ছাসেবী মিলনমেলা ও আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার বলেন, রাজনীতি হোক বা অন্য যেকোনো কাজ মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ। অবকাঠামোগত উন্নয়নের চেয়েও মানবতার সেবাই বড়। আমরা সবাই মানুষ, আর সবার রক্তের রং লাল।

তিনি অসাম্প্রদায়িক চেতনার ওপর গুরুত্বারোপ করে বলেন, আমরা কেউ গারো, কেউ হাজং, কেউ হিন্দু, কেউ মুসলমান—কিন্তু মানবতার জায়গায় আমরা সবাই এক। কে কোন দলের, তা নয়—কে মানুষের জন্য কাজ করছে সেটাই বড়।

ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, ছাত্রজীবনে আনন্দ মোহন কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়-এ অধ্যয়নকালে নিয়মিত রক্তদান করেছেন এবং রোটার‌্যাক্ট ক্লাব-এর সঙ্গে যুক্ত থেকে মানবসেবায় কাজ করেছেন।

কলমাকান্দার মতো প্রত্যন্ত এলাকায় এমন মানবিক সংগঠনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তিনি ভবিষ্যতেও ব্যক্তিগত ও প্রশাসনিকভাবে পাশে থাকার আশ্বাস দেন এবং স্থানীয় প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানান।

তিনি তরুণদের নিয়মিত রক্তদানে উৎসাহিত করার পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার পরামর্শ দেন। বিশেষ করে ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু শিবিরসহ বিভিন্ন জনসেবামূলক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সোহেল রানা এবং সঞ্চালনা করেন জহিরুল ইসলাম মামুন। এতে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, অবসরপ্রাপ্ত শিক্ষক ফরিদ জাম্বিল, মাওলানা আবুল হাসেম, মুহাম্মদ এনামুল হক তালুকদার, আবু কাওসারসহ অন্যান্যরা।

বক্তারা সংগঠনের মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে লাল-সবুজ টি-শার্ট পরিহিত তরুণ স্বেচ্ছাসেবীদের প্রাণবন্ত উপস্থিতি আয়োজনকে আরও উদ্দীপনাময় করে তোলে।

শেষে প্রধান অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং কয়েকজন নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবীকে তাদের অবদানের স্বীকৃতি হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। মানবিক সমাজ গঠনের প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here