Sunday, April 19, 2026
spot_img
Home নেত্রকোণা ডেঙ্গু প্রতিরোধে কলমাকান্দায় স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচি

ডেঙ্গু প্রতিরোধে কলমাকান্দায় স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচি

14
media image
ছবি

কলমাকান্দা প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর সহযোগিতায় সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে স্বাস্থ্যকর্মী, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরেন। এ সময় আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও জমে থাকা পানি না রাখা এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কলমাকান্দা উপজেলা শাখার উদ্যোগে ডেঙ্গু ও মশা নিধনে দুই দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আগামী ১৪ ও ১৫ মার্চ সকাল ১১টা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমতি চাওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন বলেন, ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো সচেতনতা ও পরিচ্ছন্নতা। মশা জন্মানোর মতো পরিবেশ তৈরি না হলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমে যায়। তাই স্বাস্থ্য বিভাগের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। স্থানীয় যুবদলের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং জনস্বার্থে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহরাব হোসাইন লিংকন, মেডিকেল অফিসার ডা. শেখ তালাত মাহমুদ পিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জহির, সদস্য সচিব সোলাইমান হক, ইউনিয়ন আহ্বায়ক মো. আলমগীরসহ অন্যান্য নেতাকর্মীরা।

উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জহির বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর অঙ্গীকার অনুযায়ী এবং নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য, ডেপুটি স্পিকার ও সদ্য সাবেক ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল-এর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১৪ থেকে ১৫ মার্চ পর্যন্ত ডেঙ্গু ও মশা নিধনে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here