
কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পৌর শহরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিবার (১৪ মার্চ) বিকেলে দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচির উদ্বোধন করেন কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন ভুইয়া। নেত্রকোনা-৩ (কেন্দুয়া–আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী-এর নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়।
ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগের ঝুঁকি কমাতে এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান। কর্মসূচির আওতায় পৌর শহরের বিভিন্ন সড়ক, বাজার এলাকা ও জনসমাগমস্থলে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন নেতাকর্মীরা। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক বার্তাও দেওয়া হয়।
এ সময় উপজেলা বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা জানান, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জনস্বার্থে এ ধরনের সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

