Sunday, April 19, 2026
spot_img
Home অন্যান্য ধর্ম কলমাকান্দায় হিফজুল কুরআন প্রতিযোগিতা শুরু

কলমাকান্দায় হিফজুল কুরআন প্রতিযোগিতা শুরু

21
media image
ছবি

কলমাকান্দা প্রতিনিধি: পবিত্র রমজানের বরকতময় পরিবেশে নেত্রকোনা জেলা-এর কলমাকান্দা উপজেলায় চার দিনব্যাপী ২য় হিফজুল কুরআন প্রতিযোগিতা শুরু হয়েছে। আয়োজক সূত্রে জানা গেছে, ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল এমপি’র সার্বিক ব্যবস্থাপনায় ১৪ থেকে ১৭ রমজান পর্যন্ত এ প্রতিযোগিতা চলবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা উছমান গনী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চাঁন মিয়া, বিচারকমণ্ডলীর সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকরা।

বক্তারা বলেন, কুরআন কেবল তিলাওয়াতের গ্রন্থ নয়—এটি জীবন গঠনের দিশারি, নৈতিকতার ভিত্তি এবং মানবতার সংবিধান। নতুন প্রজন্মের কণ্ঠে যখন আল্লাহর বাণী ধ্বনিত হয়, তখন সমাজে আত্মশুদ্ধি ও নৈতিকতার নবজাগরণ ঘটে।

এ সময় মুফতি যাইনুল আবেদীন বলেন, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে কুরআনের সান্নিধ্যে বেড়ে ওঠার অনুপ্রেরণা জোগায়। তিনি আশা প্রকাশ করেন, নিয়মিত এ উদ্যোগ অব্যাহত থাকলে কুরআনমুখী, নৈতিক ও আলোকিত সমাজ গঠন সহজতর হবে।

উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের জানান, চার দিনব্যাপী এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। সুন্দর ও শুদ্ধ তিলাওয়াতের পাশাপাশি প্রতিযোগীরা হিফজ, হামদ-নাত ও আজান পরিবেশন করবেন।

ধর্মীয় আবহে আয়োজিত এ প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্টদের মতে, এমন উদ্যোগ সমাজে নৈতিকতা ও ধর্মীয় চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here