নেত্রকোনা সংবাদদাতা : নেত্রকোনা শহরের ছোট বাজার এলাকায় একটি ইলেকট্রনিক সামগ্রীর দোকানে এসি বিস্ফোরণের ঘটনায় দোকান মালিক রাজু সাহা (৪৫) গুরুতর দগ্ধ হয়েছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, ছোট বাজারে অবস্থিত ‘হেনা ডিজিটাল’ নামের দোকানে সকাল ১০টার দিকে বসে ছিলেন মালিক রাজু সাহা। এ সময় হঠাৎ বিকট শব্দে এসি বিস্ফোরণ ঘটে।
মুহূর্তেই দোকানের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে এবং মালিক দগ্ধ হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল-এ নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক জাকির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসি বিস্ফোরণ থেকেই এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বৃষ্টি আক্তার বলেন, অগ্নিদগ্ধ ব্যক্তির শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।