
মোহনগঞ্জ প্রতিনিধি : নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলাএর ৬নং সুয়াইর ইউনিয়নের মোহনগঞ্জ-আদর্শনগর সড়কে ফারহানা খাতুন (৬) নামে এক শিশু অটো রিক্সার নিচে চাপা পড়ে নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ফারহানা খাতুন উপজেলার রানাহিজল গ্রামের আব্দুল মান্নানের কন্যা। সে রানাহিজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। সম্প্রতি মা পারভীন আক্তারের সঙ্গে একই ইউনিয়নের সেখুপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন।
মঙ্গলবার সকালে ফারহানা খাতুন খেলাধুলার সময় বাড়ির সামনের সড়ক পার হচ্ছিলেন। এসময় যাত্রী নিয়ে আসা অটো রিক্সার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। অটো রিক্সার চালক একই ইউনিয়নের সুয়াইর গ্রামের বাসিন্দা সাব্বির মিয়া।
গ্রামবাসীর সহযোগিতায় তাকে দ্রুত মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। পরে মোহনগঞ্জ থানা পুলিশ শিশুর লাশ থানায় নিয়ে আসে এবং অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুল ইসলাম হারুন জানান, শিশুটির পিতা আব্দুল মান্নান ঢাকায় কর্মরত। খবর পেয়ে তিনি মোহনগঞ্জে আসেন এবং পরিবারের কোন অভিযোগ না থাকার কারণে মঙ্গলবার রাতে শিশুর লাশ পিতার কাছে হস্তান্তর করা হয়।

