
দুর্গাপুর সংবাদদাতা : নেত্রকোনার দুর্গাপুরে অভিযান চালিয়ে ১৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে পৌর শহরের সাধুপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন উপজেলার মেনকিফান্দা গ্রামের উসমান গনির ছেলে রিদয় হাসান মাসুম (২০) এবং পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার শিবপুর গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে মোস্তফা কামাল (২১)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে সাধুপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধারসহ দুই যুবককে আটক করা হয়।
পুলিশ আরও জানায়, আটক দুই যুবকের বিরুদ্ধে দুর্গাপুর ও কলমাকান্দা থানায় এর আগেও মোট ছয়টি মাদক মামলা রয়েছে।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।

