
নেত্রকোনা সংবাদদাতা : নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরু জব্দ করেছে পুলিশ। এ সময় আলমগীর মিয়া (৩৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। পাশাপাশি গরু পরিবহনের কাজে ব্যবহৃত ৬টি পিকআপও জব্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১১ জানুয়ারি) দিনগত মধ্যরাতে উপজেলার নৈহাটী এলাকা থেকে আলমগীরকে গরুসহ আটক করা হয়। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, আটক আলমগীর ঘটনার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন। পরে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
জেলার বারহাট্টা উপজেলার নৈহাটী বাজারে প্রতি সপ্তাহে সোমবার গরুর হাট বসে, যেখানে বিভিন্ন এলাকার কয়েক লাখ গরু বেচাকেনা হয়। পুলিশ ও স্থানীয়দের অভিযোগ, পার্শ্ববর্তী জেলা সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারতীয় গরু এনে এই বাজারে বিক্রি করা হচ্ছিল।
পুলিশ অভিযান চালিয়ে বাজারের পাশ থেকে গোপন সংবাদে আলমগীরকে গরুসহ আটক করে এবং বিষয়টি জনগণের জন্য সতর্কবার্তা হিসেবে প্রকাশ করেছে।

