
কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের কামরুল নামের এক যুবক মোটরসাইকেল চুরি করার চেষ্টা করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন। ঘটনার পর গ্রামে ব্যাপক ক্ষোভ ও আলোচনা সৃষ্টি হয়।
এপর্যায়ে শুক্রবার রাতে গ্রামের নতুন বাজার এলাকায় অনুষ্ঠিত একটি গ্রাম্য বিচার সভায় (সালিস-দরবার) কামরুলকে সর্বসম্মতিক্রমে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং আগামী ৪ বছরের জন্য গ্রামে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভবিষ্যতে কেউ মোটরসাইকেল চুরি করলে অথবা চুরি করা মোটরসাইকেল লুকিয়ে রাখলে অভিযুক্ত ও তার অভিভাবককে ১ লাখ টাকা জরিমানা করা হবে।
গ্রামবাসী জানিয়েছেন, এ ধরনের কঠোর পদক্ষেপ চুরি ও অপরাধ দমন করতে কার্যকর ভূমিকা রাখবে। সালিস-দরবারে কান্দিউড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাবেক ইউপি সদস্য মোঃ সবুজ মিয়ার সঞ্চালনায় গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।