
কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় মদসহ তিন যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার লেংগুড়া বিওপির একটি টহল দল নিয়মিত টহল চলাকালে ঢাকাগামী ইউনাইটেড প্লাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় বাস থেকে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তিন যুবককে আটক করে বিজিবি সদস্যরা। আটক ব্যক্তিরা হলেন— নুর আলম (১৮), সবুজ মিয়া (২২) ও ইব্রাহিম মিয়া (২২)।
তারা কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা রাজাবাড়ী গ্রামের বাসিন্দা। পরে ওইদিন সন্ধ্যায় আটককৃতদের কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে থানার ওসি (তদন্ত) সজল কুমার সরকার জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

