
মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জে কংস নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোতালিব মিয়া (৪০) নামে এক ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় পৌরশহরের টেংগাপাড়া এলাকায় কংস নদীতে অবৈধভাবে উত্তোলন করা বালু বোঝাই একটি বাল্কহেড অবস্থান করে। খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি)। এ সময় অবৈধভাবে উত্তোলন করা বালু জব্দ করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ড্রেজার মালিক মোতালিব মিয়াকে জরিমানা করা হয়। তিনি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সদর এলাকার বাসিন্দা।
স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে মোহনগঞ্জ উপজেলার ধনু ও কংস নদী থেকে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। পরে এসব বালু দৌলতপুর, টেংগাপাড়াসহ পৌর শহরের বিভিন্ন স্থানে বিক্রি করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও নদী রক্ষায় এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

