
মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়নের ভাটাপাড়া গ্রামে স্বামীর অনুপস্থিতিতে নিজ বাড়ির বারান্দায় হামলার শিকার হয়েছেন এক গৃহবধূ। ভুক্তভোগী পদ্মাবতী দত্ত (৪০) অভিযোগ করেছেন, পারিবারিক বিরোধের জেরে শ্বশুরবাড়ির আত্মীয়-স্বজনরা তাকে পিটিয়ে গুরুতর আহত করেছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম সাংবাদিকদের অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পদ্মাবতী দত্তের স্বামী সুকেশ কর বর্তমানে সৌদি আরবে প্রবাসে রয়েছেন। স্বামীর অনুপস্থিতিতে একটি বটগাছ ঘিরে পারিবারিক কথাকাটাকাটির এক পর্যায়ে শ্বশুরবাড়ির আত্মীয়রা তার ওপর চড়াও হয়।
ঘটনার দিন ভাটাপাড়া গ্রামের নিজ বাড়ির বারান্দায় তাকে ঘিরে ধরে মারধর করা হয় বলে পদ্মাবতীর অভিযোগ। হামলায় আহত অবস্থায় তিনি মোহনগঞ্জ উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন এবং পরবর্তীতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন- অধীর কর (৪৫), রঞ্জন কর (৩৮), রঞ্জিত কর (৫৫), অনিল কর (৬০), সুধারানী কর (৩২) এবং ছায়া রানী কর (৩০)।
থানায় দায়ের করা অভিযোগে পদ্মাবতী দত্ত বলেন, আমি এখন ছেলে-মেয়েকে নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছি। অভিযুক্তরা আমাকে নিয়মিত প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি তাদের বিরুদ্ধে সুষ্ঠু বিচার চাই।
অভিযুক্তদের একজন অনিল কর সাংবাদিকদের বলেন, এটি একটি তুচ্ছ ঘটনা। অভিযোগ করার মতো কিছুই হয়নি। বিষয়টিকে অকারণে বড় করে দেখা হচ্ছে।
মোহনগঞ্জ থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন এখন তদন্তের ভিত্তিতে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
ওসি আরও বলেন, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তেতুলিয়া ইউনিয়নের বিট অফিসার এসআই রবিউলকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে এলাকাজুড়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে।

